
রাজধানীর বংশাল এলাকায় সাবলেট নিয়ে পরিকল্পিত চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে উঠে সুযোগ বুঝে চুরি—এমন অভিনব কৌশলে সংঘটিত এ ঘটনায় নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি দুইজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—শেখ জালামিন (৩৪) ও মাধব চন্দ্র ধর (৬০)।
বুধবার (১এপ্রিল) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি বংশালের মালিটোলা রোডের মক্কা দুলারী টাওয়ারের সপ্তম তলায় শেখ জালামিন ও তার স্ত্রীকে সাবলেট হিসেবে ভাড়া দেওয়া হয়। গত ২৫ মার্চ ফ্ল্যাটের মালিক পরিবারসহ চাঁদপুরে একটি অনুষ্ঠানে গেলে বাসায় একাই থেকে যায় ওই দম্পতি।
পরবর্তীতে ২৭ মার্চ বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে বাসায় ফিরে এসে মালিকপক্ষ দেখতে পান কক্ষের দরজার তালা ভাঙা এবং ঘরের মূল্যবান জিনিসপত্র উধাও। চুরি হওয়া মালামালের মধ্যে ছিল নগদ ৩০ হাজার টাকা, তিনটি স্বর্ণের চেইন, চারটি রুলি, চারটি আংটি, চারটি নাকফুল, দুটি ছোট চেইন, দুই জোড়া কানের দুলসহ মোট ১১ ভরি ২ আনা ওজনের স্বর্ণালংকার।
এছাড়া একটি স্মার্টফোন, ফ্ল্যাটের দলিল, ইসলামী ব্যাংকের চেকবই ও ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম সোহান বংশাল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে ফুলবাড়ীয়া মোড় এলাকা থেকে এজাহারভুক্ত আসামি শেখ জালামিনকে গ্রেপ্তকর করে পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, চেকবই ও জমির দলিল উদ্ধার করা হয়।
পরবর্তীতে জালামিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাতীবাজার এলাকার শরীফ জুয়েলার্সের ম্যানেজার মাধব চন্দ্র ধরকে ৮ দশমিক ৪ রতি ওজনের একটি স্বর্ণের চেইনসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



