
জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে নিজের জুতা হারানোর কথা জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
সোমবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে হানজালা লিখেন, ‘আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেলো। নামাজ শেষে দেখি, আমার জুতাটা আর আমার নেই। বদলে অন্য একটা জুতা এসে গেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারও পায়ে চলে গেছে।’
তিনি আরও লেখেন, ‘এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটি। যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন। আর যদি এই পোস্টটি আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটি ফিরিয়ে দিলে খুশি হবো। আপনার জুতাটি আগের জায়গায় রাখা আছে।’
সংসদ সদস্যের এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।



