
ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের টানা ছুটি শেষ হওয়ার পর সকাল থেকেই রাজধানীর সড়কে অফিসগামী মানুষের ভিড় দেখা যাচ্ছে। রোববার (২৯ মার্চ) সকাল ৮টার পর আগারগাঁও, শিশুমেলা, কলেজগেট, শ্যামলী, কল্যাণপুরসহ ঢাকা শহরের বিভিন্ন সড়কে গণপরিবহনে যাত্রী চাপ বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, বাসপয়েন্টগুলোতে মানুষ দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে গণপরিবহনের জন্য অপেক্ষা করছেন। কোনো গাড়িতে জায়গা পেলেই ঝুঁকি নিয়ে পা দিয়ে যাত্রা শুরু করছেন। অধিকাংশ বাসে যাত্রী এত বেশি, পা রাখার জায়গা কমে গেছে।
গাড়ি ও মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কে যানজট দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন। বাসপয়েন্টে যাত্রী ওঠানো-নামানো সহ প্রধান সড়কে রিকশার প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে।
শ্যামলী বাসপয়েন্টে দাঁড়িয়ে আশরাফুল ইসলাম জানান, সকাল থেকেই রাস্তা ভীষণ ব্যস্ত। গাড়ির ভেতরে জায়গা নেই, ঝুঁকি নিয়ে হলেও অফিস পৌঁছাতে হবে। কলেজগেটের বাসপয়েন্টে অনিক বলেন, ঈদের ছুটি শেষ, আজ অফিসের প্রথম দিন। গাড়ির দেরি হলে সময়মতো অফিসে পৌঁছানো কঠিন হবে।
গুলিস্তান-ধামরাই বাসপয়েন্টে রনি বলেন, “ফাঁকা গাড়ির অপেক্ষায় থাকলে আজ অফিসে পৌঁছানো কঠিন হবে। ঝুঁকি নিয়ে হলেও সময়মতো অফিসে পৌঁছাতে হবে।” অন্যদিকে, চালকের সহকারী জানান, সকাল থেকেই যাত্রী চাপ বেড়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, “বাস এক জায়গায় দীর্ঘ সময় দাঁড়ালে পিছনের গাড়ি চলাচল করতে পারে না। জ্যাম এড়াতে নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানো-নামানো নিশ্চিত করা হচ্ছে। রিকশা ও অটোরিকশা প্রধান সড়কে চলাচল করতে পারছে না।”
ঈদুল ফিতরের ছুটি চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী ১৭ মার্চ শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত চলেছে। এর পর ২৪ ও ২৫ মার্চ সরকারি ছুটি থাকায় অনেকে দীর্ঘ ছুটি কাটিয়ে হাতে সময় নিয়ে আজ ঢাকায় ফিরছেন।
আরবিএ/আরটিএনএন



