
আগামী পাঁচ দিনে সারাদেশে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির এই প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রোববার (২৯ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ থাকায় দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সোমবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার (৩১ মার্চ) সারাদেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকবে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
১ এপ্রিল রংপুর, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে। সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
২ এপ্রিল সিলেটের কিছু কিছু জায়গা ও ঢাকা ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
আরবিএআরটিএনএন



