মানুষের পাশে দাঁড়াতে হবে, আইনশৃঙ্খলা মানতে হবে: প্রধানমন্ত্রী, জাতীয়, প্রধানমন্ত্রী, তারেক রহমান, সরকার, বিএনপি, বিএনপি কার্যালয়, পল্টন, ছাত্রদল, রাজনীতি, সারাদেশ,
প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলছেন।ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের অনেক প্রত্যাশা রয়েছে—তাই ধৈর্য ধরে আইনশৃঙ্খলার মধ্যে থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে সাধারণ মানুষের কষ্ট বেড়ে যায় বা জনদুর্ভোগ সৃষ্টি হয়।

শনিবার (২৮ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, "যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না। আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কার করতে হবে।"

বিএনপি চেয়ারম্যান বলেন, দেশে নানা সমস্যা রয়েছে, তাই জনগণকে বোঝাতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে।

নেতাকর্মীদের ধৈর্য ধারণে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, "আমাদের অনেক কাজ করতে হবে। প্রথম কাজ হলো—রাস্তা বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, যাতে আমি অফিসে আসতে পারি। আপনাদের সহযোগিতা থাকলে আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারব।"

তিনি আরও বলেন, "দল হিসেবে দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না। প্রতিটি নেতাকর্মীকে এ বিষয়ে সচেতন থাকতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে।"

এর আগে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। এ সময় সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দিনভর নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। সন্ধ্যায় কার্যালয়ে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।