জুমাতুল বিদা, রমজানের শেষ শুক্রবার, বিদায় রমজান, রমজান মাস শেষ, জাতীয়, জুমাতুল বিদা আজ,
প্রতিকী ছবি।ছবি: সংগৃহীত

আজ পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার—জুমাতুল বিদা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর আবেগের মধ্য দিয়ে সারাদেশে দিনটি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসলিম বিশ্বে রমজানের শেষ জুমা বিশেষ মর্যাদায় ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। আর দিনের শেষে বিদায় নেবে ১৪৪৭ হিজরির মহিমান্বিত এই মাসটি।

শুক্রবার (২০ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজে অংশ নেবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করবেন।

জুমার নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় অনুষ্ঠিত হবে বিশেষ দোয়া ও মোনাজাত। একই সঙ্গে পবিত্র রমজান মাসকে বিদায় জানিয়ে মুসল্লিরা করবেন আবেগঘন প্রার্থনা।

এদিনের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ। সেখানে হাজারো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

মুমিন মুসলমানদের কাছে রমজান সারা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। জুমাতুল বিদার মধ্য দিয়েই যেন ধীরে ধীরে শেষ হয়ে আসে সিয়াম সাধনার এই সময়। আজকের দিনেই পূর্ণ হচ্ছে ৩০ দিনের রোজা, আর আগামীকাল শনিবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

রমজানের বিদায়ের এই মুহূর্ত তাই আনন্দের পাশাপাশি নিয়ে এসেছে এক গভীর আবেগ—যেখানে প্রার্থনা একটাই, আবারও যেন ফিরে আসে এই বরকতময় মাস।

আরবিএ/আরটিএনএন