জাতীয়, ঈদ ‍যাত্র, মহাখালি বাস কাউন্টার, বাস সংকট,
যাত্রীদের ভিড় অথচ বাস নেই মহাখালি বাস কাউন্টারে।ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন হাজারো ঘরমুখো মানুষ। তবে মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে ভিন্ন চিত্র—কাউন্টারে বাস নেই, নেই পর্যাপ্ত টিকিট; অথচ যাত্রীদের দীর্ঘ সারি লেগেই আছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে মহাখালী বাস টার্মিনালে গিয়ে এমন পরিস্থিতি দেখা যায়। বাসের সংকটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

অনেক যাত্রীর অভিযোগ, সীমিত সংখ্যক বাস চললেও তাতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। যেখানে ভাড়া ৪৫০ টাকা, সেখানে নেওয়া হচ্ছে ৬০০ টাকা পর্যন্ত। তবে বেশি ভাড়া দিতে রাজি থাকলেও অনেকেই টিকিট পাচ্ছেন না।

কিছু যাত্রী জানান, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট মিলছে না। তবুও বাড়ি ফেরার আশায় অপেক্ষা চালিয়ে যাচ্ছেন তারা। এই দুর্ভোগ কবে শেষ হবে—এমন প্রশ্নই ঘুরছে তাদের মুখে।

অন্যদিকে, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কাউন্টার সংশ্লিষ্টরা। তাদের দাবি, বাসের স্বল্পতার কারণেই এই ভোগান্তির সৃষ্টি হয়েছে।

আরবিএ/আরটিএনএন