ঈদুল ফিতর
যানবাহনগুলোতে বিনামূল্যে মেরামত ও জ্বালানি তেল সহায়তা দিচ্ছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।ছবি: আরটিএনএন

ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে মহাসড়কে বিকল হয়ে পড়া যানবাহনগুলোতে বিনামূল্যে মেরামত ও জ্বালানি তেল সহায়তা দিচ্ছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। এই সেবার আওতায় উত্তরাঞ্চলগামী যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে তিনটি ভ্রাম্যমাণ ওয়ার্কশপ গঠন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) থেকে শুরু হওয়া এ কার্যক্রম ঈদযাত্রার পুরো সময়জুড়ে চলমান থাকবে।

জানা গেছে, ভ্রাম্যমাণ ওয়ার্কশপগুলো ২৪ ঘণ্টা সক্রিয় থেকে মহাসড়কে টহল দিচ্ছে। যাত্রাপথে কোনো যানবাহন বিকল হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বিনামূল্যে মেরামত করে পুনরায় চলাচল উপযোগী করা হচ্ছে। পাশাপাশি ভলকানাইজিং সুবিধা ও জরুরি জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মহাসড়কে যানজট কমার পাশাপাশি যাত্রীদের ভোগান্তিও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, গত ১৫ মার্চ থেকে এই সেবা শুরু হয়েছে। টিমটি সিরাজগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছে এবং ঈদের আগে ও পরের পুরো সময়জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।