প্রধানমন্ত্রী, তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান।ছবি: আরটিএনএন

আগামী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে যমুনায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে ঈদের দিন প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে সরাসরি উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।

বুধবার (১৮ মার্চ) গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাহিদা অনুযায়ী সব কাজ এখন করা হচ্ছে। এ ছাড়াও ভবনের ভেতরের কাজগুলো রুটিন রক্ষণাবেক্ষণ ও ছোটোখাটো সংস্কারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, ‘ভেতরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, হাইজিনিক ওয়াশ এবং রং মেইন কাজ চলছে। সিলিংয়ের পুরনো অংশে সমস্যা থাকলে তা ঠিক করা হচ্ছে। তবে বড় ধরনের কোনো সংস্কারের প্রয়োজন নেই।’

এটি উল্লেখযোগ্য যে, গণভবন এখন আর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে না। আগস্টের অভ্যুত্থানের সময় ভবনটি গণমানুষের নিয়ন্ত্রণে চলে যায় এবং পরে জুলাই মাসে সেটি গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়। ফলে প্রধানমন্ত্রীর থাকার সুযোগ বর্তমানে নেই।

বর্তমানে প্রধানমন্ত্রী গুলশান থেকে যমুনা ভবনে এসে সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত অফিস করছেন। যমুনা ভবনের মোট আয়তন ৮ একর, যার মধ্যে ভেতরের অংশ ৫.২ একর এবং বাইরের অংশ ২.৮ একর। ভবনের অফিসসহ মোট আয়তন ৩৫ হাজার স্কয়ার ফিট।

এদিকে, প্রধানমন্ত্রী ইতিমধ্যে যমুনা ভবনে দুটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যেখানে দেশি-বিদেশি কয়েকশ অতিথি উপস্থিত ছিলেন।