মো. আবদুস সালাম ব্যাপারী এবং তার স্ত্রী মাহবুবুন্নেছা
মো. আবদুস সালাম ব্যাপারী এবং তার স্ত্রী মাহবুবুন্নেছা।ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সালাম ব্যাপারী এবং তার স্ত্রী মাহবুবুন্নেছার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২১টি প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য সরবরাহের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

মামলা তদন্তকারী সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিআইডির আবেদনে উল্লেখ করা হয়, মো. আবদুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছা এবং তাদের সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই দেশি-বিদেশি মুদ্রা পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে তারা অঢেল সম্পত্তি গড়ে তুলেছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

অর্থ পাচারের এই ঘটনাটি সুষ্ঠুভাবে অনুসন্ধানের জন্য অভিযুক্তদের দেশত্যাগ রোধ করা একান্ত প্রয়োজন। এ ছাড়া তাদের মালিকানাধীন বা স্বার্থ-সংশ্লিষ্ট ২১টি প্রতিষ্ঠানের নথিপত্র ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা তদন্তের স্বার্থে অপরিহার্য। আদালত সিআইডির যুক্তি আমলে নিয়ে এই আদেশ দেন।