
‘ডাক নাম’ এবং সংশ্লিষ্ট এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশের জন্য নতুন ঘর যুক্ত করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ফরমে বড় পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
এর মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে একই সঙ্গে ডাক নাম যুক্ত থাকায় নাম সংশোধনের হারও কমে আসবে বলে মনে করছে ইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ডাক নাম যুক্তসহ নিবন্ধন ফরম সংশোধনের বিষয়ে আলোচনা হয়েছিল বলে জানান ইসি কর্মকর্তারা। কিন্তু সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হওয়ায় বিষয়টি স্থগিত রাখা হয়। এখন আবার সেই কার্যক্রম শুরু করা হয়েছে। এর ফলে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন প্রক্রিয়া যেমন স্বচ্ছ হবে, তেমনি ডাক নাম যুক্ত থাকায় নাম সংশোধনের হারও কমে আসবে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, নাম সংশোধন সংক্রান্ত জটিলতা কমানোর জন্যই এনআইডিতে ডাক নাম যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কোনো নাগরিক আর বলতে পারবেন না যে তিনি ডাক নামে ভোটার হয়েছেন।
তিনি আরও বলেন, নিবন্ধন ফরম-২-এ নতুন একটি ঘর যুক্ত করা হচ্ছে, যেখানে সংশ্লিষ্ট এলাকার সম্মানিত ব্যক্তির সুপারিশ থাকবে যে তিনি আবেদনকারীকে ব্যক্তিগতভাবে চেনেন ও জানেন। এর ফলে রোহিঙ্গা কিংবা বিদেশিদের ভোটার হওয়া কঠিন হবে।
১৬–১৭ বছর বয়সীদের দেওয়া হবে স্মার্ট কার্ড
চাহিদার ভিত্তিতে ১৬ থেকে ১৭ বছর বয়সী নাগরিকদের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যদিও আগে ১৬ থেকে ১৭ বছর বয়সী নাগরিকদের স্মার্ট কার্ড হতো না।
এনআইডির ডিজি বলেন, ‘১৬ ও ১৭ বছর বয়সীদের নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে। আগে ভোটার না হওয়া পর্যন্ত কেউ স্মার্ট কার্ড পেত না। তবে অনেক সময় বিদেশে যেতে হলে স্মার্ট কার্ড প্রয়োজন হয়। তাই এখন থেকে ১৬ থেকে ১৭ বছর বয়সী নাগরিকদের চাহিদার ভিত্তিতে স্মার্ট কার্ড দেওয়া হবে।’



