
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় একটি ভিন্নধর্মী মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাড়ির দরজা খুলেই উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মুচকি হেসে তিনি বলেন, “চলেন যুদ্ধে যাই।”
হঠাৎ এমন মন্তব্যে সেখানে উপস্থিত ব্যক্তিগত ও নিরাপত্তা কর্মকর্তারা প্রথমে কিছুটা বিস্মিত হয়ে পড়েন। তবে মুহূর্তের মধ্যেই তারা বুঝতে পারেন, দেশের দায়িত্ব পালন ও রাষ্ট্র পরিচালনার কাজকেই প্রতীকীভাবে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে সে সময় উপস্থিত ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে গুলশানের বাসভবন থেকে তিনি সচিবালয়ের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রী বাসভবন থেকে বের হওয়ার আগে প্রতিদিনের মতোই তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা প্রস্তুত ছিলেন। ঠিক সেই সময় দরজা খুলে সবার দিকে হাসিমুখে তাকিয়ে প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেন, যা উপস্থিতদের মধ্যে মুহূর্তের জন্য ভিন্ন এক পরিবেশ তৈরি করে।
আতিকুর রহমান রুমন আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। দিনের বাকি সময়জুড়ে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে।
আজকের সূচিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ড-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী-এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়া আরও কয়েকটি দাপ্তরিক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।



