
মধ্যপ্রাচ্য থেকে আসা ৮টি জ্বালানি তেল ও গ্যাসবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে নোঙর করেছে। জাহাজগুলো ২৮ ফেব্রুয়ারি হরমুজ প্রণালী অতিক্রম করেছিল বলে জানা গিয়েছিল।
রোববার (৮ মার্চ) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত শুক্রবার জ্বালানি তেলের বিক্রয় সীমা নির্ধারণ করেছে। যদিও এখনও জ্বালানি তেলের মূল্য বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর—সৌদি আরব, কাতার ও দুবাই—এ জাহাজ আটকা পড়েছে। তবে এই আটটি জাহাজ বাংলাদেশে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা বলছেন, যদি হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকে, তবে দেশের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হতে পারে। এজন্য বিকল্প সরবরাহ ব্যবস্থার দিকে ভাবতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।



