বাংলাদেশ, আরব দেশ
জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতাকে আরব-ইসলামিক দেশগুলো সমর্থন করবে বলে আশা প্রকাশ করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. ভারসেন ওহানেস ভার্তান আঘাবেকিয়ান।

স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই চলমান সংকটের একমাত্র টেকসই সমাধান।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের দৃঢ় ও ধারাবাহিক সমর্থনের প্রশংসা করে বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশ নির্বাচিত হলে ফিলিস্তিনের স্বার্থ সমুন্নত থাকবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, আরব-ইসলামিক দেশগুলো বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন জানাবে।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।