বিএনপি, ছাত্রদল, ভারতপন্থী 
সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সাহাবুদ্দিন লাল্টু।ছবি: আরটিএনএন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাহাবুদ্দিন লাল্টু বলেছেন, দেশের রাজনৈতিক পরিবেশ দুই ভাগে বিভক্ত—প্রোভারত ও এ্যান্টি-ভারত। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে আওয়ামী লীগ, জাপা ও বিএনপি প্রোভারত শক্তি হিসেবে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া একটি পোস্টে লাল্টু বলেন, ‘২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর আওয়ামী বাকশালীরা যেরকম কর্মকাণ্ড করছে, তা স্পষ্টভাবে দেখাচ্ছে যে, তারেক রহমানের নেতৃত্বে একটি প্রোভারত শক্তি ক্ষমতায় রয়েছে। ২০২৪ সালের জুলাই/আগস্টে প্রফেসর ইউনুসের ১৮ মাস মেয়াদের সরকার এ্যান্টি-ভারত মনোভাবাপন্ন ছিল।’

তিনি বলেন, ‘তারেক রহমানের সরকারের সুযোগে দেশের বাইরে পালিয়ে থাকা আওয়ামী বাকশালীরা আবার সক্রিয় হয়েছে। তারা সাবেক ইউনুস সরকারের এ্যান্টি-ভারত উপদেষ্টাদের অসম্মান করছে, কিন্তু বিএনপি মনোনীত উপদেষ্টাদের নয়। এটি প্রমাণ করে যে বর্তমান বিএনপি সরকার প্রোভারত।’

লাল্টু সতর্ক করেন, ‘বিএনপির স্বল্প শিক্ষিত কিছু সমর্থক বাদ দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় কোটি সমর্থক এ্যান্টি-ভারত মনোভাবাপন্ন। যদি বিএনপি প্রোভারত নীতি নিয়ে এগোয় এবং এ্যান্টি-ভারত সমর্থকদের ধরে রাখতে চায়, তবে তা ভুল হবে। এই সমর্থকরা অন্য ভারত বিরোধী দলগুলোর দিকে ধাবিত হবে।’

তিনি বলেন, ‘কালক্রমে বাংলাদেশে প্রোভারত ও এ্যান্টি-ভারত শক্তির পালাক্রমিক ক্ষমতায় আসা চলবে। বিএনপির জন্য চ্যালেঞ্জ হবে—কিভাবে ভারতের সবচেয়ে বিশ্বস্ত আওয়ামী লীগকে পেছনে ফেলে নিজেকে বিশ্বস্ত হিসেবে টিকিয়ে রাখা যায়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি যদি মনে করে তারা কাজ করবে প্রোভারত এবং সমর্থন ধরে রাখবে এ্যান্টি ভারতীয়দের, তাহলে ভুল করবে। কারণ মানুষ সবই বুঝে। সুতরাং কালক্রমে বিএনপি, আওয়ামী লীগ এবং এরশাদের জাপা ভারতের পুষে রাখা তিনটি দল হিসেবে টিকে থাকবে। আর পালাক্রমে কখনো প্রোভারত এবং কখনো এ্যান্টি ভারতীয়রা বাংলাদেশে ক্ষমতায় আসবে। সুতরাং বিএনপির জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে থাকবে যে, ভারতের সবচেয়ে বেশি বিশ্বস্ত আওয়ামী লীগকে পেছনে ফেলে কিভাবে নিজে বিশ্বস্ত হিসেবে টিকে থাকবে।’

লাল্টু ফেসবুক পোস্টের মাধ্যমে সতর্ক করে বলেন, ‘দেশের রাজনৈতিক ধারা ও সমর্থকগোষ্ঠীর প্রকৃত মনোভাবকে উপেক্ষা করলে দলটি জনসমর্থন হারাতে পারে।’