জামায়াত আমির, ডা. শফিক
মাস্ক পরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন জামায়াত আমির।ছবি: আরটিএনএন

সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিনই ভোরে ঝাড়ু হাতে দেখা গেল শফিকুর রহমানকে। নিজের নির্বাচনী এলাকা মিরপুর–এর সড়ক ও অলিগলি পরিষ্কার করে দিন শুরু করেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে গ্লাভস ও মাস্ক পরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারাও তার সঙ্গে যোগ দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধীদলীয় নেতা জানান, এটি পূর্বঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের অংশ। তিনি বলেন, ‘এটি কোনো একদিনের প্রচারণামূলক কর্মসূচি নয়; দলের ইউনিটগুলো প্রতিদিনই এ কার্যক্রম চালিয়ে যাবে।’

দলীয় স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধাঘণ্টা করে এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া উচিত। কেউ এক ঘণ্টা সময় দিতে পারলে তা আরও ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি।

পেশায় চিকিৎসক এই রাজনীতিক তার নির্বাচনী এলাকাকে রাজধানীর একটি ‘মডেল পাড়া’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সরকারি বরাদ্দ পাওয়া না পেলেও নিজস্ব উদ্যোগে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। একই সঙ্গে ন্যায্য উন্নয়ন তহবিল থেকে তার এলাকাকে বঞ্চিত না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের প্রতিও সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিরপুরকে পরিচ্ছন্ন ও নিরাপদ করতে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে। গণতন্ত্রের সৌন্দর্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এবার আমি জিতেছি, পরেরবার অন্য কেউ জিততে পারেন; কিন্তু এলাকার উন্নয়ন যেন রাজনৈতিক বা ধর্মীয় বিভেদের কারণে থেমে না থাকে।’

এই উদ্যোগকে দীর্ঘমেয়াদি কর্মসূচি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি কেবল শুরু। ঢাকায় অবস্থান করলে প্রতিদিন এলাকায় এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন, আর বাইরে থাকলে সেখানেও সহকর্মীদের নিয়ে একই ধরনের কর্মসূচি পালন করবেন।