
তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিজেই মন্ত্রিসভায় ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে প্রায় ৫৪ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তার প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ৫৪ হাজার ৫৪১। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূরুল ইসলাম পান ১ লাখ ১ হাজার ৯২ ভোট।
এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি। এছাড়াও তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এবং রাজবাড়ী পৌরসভায় টানা তিন মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মন্ত্রিপরিষদের সভায় ডাক পাওয়ায় রাজবাড়ী জেলা বিএনপিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের সাড়া পড়েছে।



