
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন-এর প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে কর্মরত সাংবাদিক ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে তার চুক্তি বাতিলের কথা উল্লেখ করা হলেও সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এর আগে ২০২৪ সালের ২৪ নভেম্বর দুই বছরের জন্য নয়াদিল্লিতে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পান ফয়সাল মাহমুদ। সেই অনুযায়ী আগামী ২৩ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরকারের সিদ্ধান্তে তার অবশিষ্ট সময় বাতিল করা হলো।
কূটনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রজ্ঞাপনে যেহেতু কোনো কারণ উল্লেখ নেই, তাই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের প্রেস উইং দ্বিপাক্ষিক সম্পর্ক, গণমাধ্যম সমন্বয় ও জনকূটনীতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। এই পদে নতুন করে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।



