বাংলাদেশ জুয়েলার্স সমিতি
প্রতি ভরিতে সোনার দাম কমেছে বলে জানিয়েছে বাজুস।ছবি: সংগৃহীত

টানা পাঁচবার দাম বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, প্রতি ভরিতে সোনার দাম সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকায় নেমে এসেছে। এর আগে বৃহস্পতিবার দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। নতুন দাম শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমায় স্থানীয় বাজারে সোনার দামও হ্রাস পেয়েছে।

আন্তর্জাতিক বাজারেও সোনার দাম কমেছে। গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ২০০ ডলারে নেমেছে; যা বৃহস্পতিবার ৫ হাজার ৫৫০ ডলার ছিল।

দেশের বাজারে নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৭ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা।