নির্বাচন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।ছবি: সংগৃহীত

দেশের মানুষের সঙ্গে সরাসরি ও নিয়মিত সংলাপের লক্ষ্যে নতুন একটি পডকাস্ট শো চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহ্দী আমিন।

সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান’ শীর্ষক এ পডকাস্টে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের সামনে তার রাজনৈতিক দর্শন, নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

আরও জানানো হয়, এ পডকাস্ট কেবল একমুখী বক্তব্যের প্ল্যাটফর্ম নয়; বরং জনগণের কথা শোনা, তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা অনুধাবন করে বাস্তবসম্মত রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা উপস্থাপনের একটি উদ্যোগ। বিএনপির পক্ষ থেকে একে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি ঐতিহাসিক প্রয়াস হিসেবে উল্লেখ করা হয়।

মাহ্দী আমিন বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশের মানুষ আর ফাঁকা আশ্বাস বা অবাস্তব প্রতিশ্রুতি শুনতে চায় না। তারা চায় স্পষ্ট অঙ্গীকার, বাস্তব পরিকল্পনা এবং বিশ্বাসযোগ্য নেতৃত্ব। পডকাস্টের মাধ্যমে তারেক রহমান সাধারণ মানুষের জীবনঘনিষ্ঠ বিভিন্ন ইস্যুতে বিএনপির অবস্থান ও কর্মসূচি ধারাবাহিকভাবে তুলে ধরবেন।

পডকাস্টে বিএনপির প্রস্তাবিত ফ্যামিলি কার্ড কর্মসূচি, শিক্ষা সংস্কার, ধর্মীয় কল্যাণমূলক উদ্যোগ, পরিবেশ সুরক্ষা, নদী ও খাল খনন, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা, কৃষক কার্ড, ক্রীড়া ও যুব উন্নয়ন পরিকল্পনার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানানো হয়। এসব কর্মসূচির মাধ্যমে আর্থিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, কৃষকের ন্যায্য অধিকার এবং তরুণদের সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি একটি সবুজ বাংলাদেশ গড়ার পরিকল্পনা করছে। এ লক্ষ্যেই নদী-খাল পুনঃখনন, পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদি নীতির কথা পডকাস্টে ব্যাখ্যা করবেন তারেক রহমান।

মাহ্দী আমিন বলেন, সবার আগে বাংলাদেশ’ শুধু একটি রাজনৈতিক স্লোগান বা নির্বাচনি প্রচারণা নয়; এটি বিএনপির রাজনৈতিক দর্শন ও নীতিগত অঙ্গীকার। এ দর্শনের কেন্দ্রে রয়েছে দেশ ও মানুষের মর্যাদা, অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ।

সংবাদ সম্মেলনের শেষাংশে দলের নেতারা আশা প্রকাশ করেন, এ পডকাস্ট রাজনীতি ও জনগণের মধ্যকার দূরত্ব কমাতে সহায়ক হবে এবং একটি সুস্থ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক আলোচনার পরিবেশ তৈরি করবে।