তারেক রহমান, বিএনপি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।ছবি: আরটিএনএন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রকে পুনর্গঠন ও মেরামত করতে হলে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ—সবাই হাজার বছর ধরে এ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং ভবিষ্যতেও এই সহাবস্থান বজায় রাখতে হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর চারটায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সিলেট জেলা থেকে শুরু করা তার নির্বাচনী জনসভা সফরের শেষ সমাবেশ ছিল এটি। তারেক রহমান বলেন, রাষ্ট্র এমন হতে হবে—যেখানে সবাই নিরাপদে বসবাস, ব্যবসা-বাণিজ্য ও চলাচল করতে পারবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৫ বছরে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। আন্দোলন-সংগ্রাম ও শহীদদের ত্যাগের বিনিময়ে ফিরে পাওয়া ভোটাধিকার আগামী ১২ ফেব্রুয়ারি সঠিকভাবে প্রয়োগ করতে হবে।

জনসভায় তিনি অভিযোগ করে বলেন, ভোটের আগে একটি বাহিনী ও একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নিরীহ মা-বোনদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মুঠোফোন নম্বর সংগ্রহ করছে এবং প্রবাসীদের ব্যালট দখল করে নিচ্ছে।

তারেক রহমান বলেন, ‘গত ১৫ বছরের নিশিরাতের নির্বাচন ও ভোট ডাকাতির নির্বাচনের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই। তারা একই গ্রুপের। একজন ষড়যন্ত্র করে ভোট নিতে চায়, আরেকজন ডাকাতি করে ভোট নিয়ে গেছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। বিশেষ করে মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা সম্পর্কে সতর্ক থাকতে হবে।’

বিএনপি ক্ষমতায় এলে লক্ষ লক্ষ বেকার তরুণ ও যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে জানিয়ে তিনি বলেন, শুধু গার্মেন্টস শিল্পের ওপর নির্ভর করলে চলবে না। নতুন নতুন শিল্প স্থাপন করতে হবে। দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের পাশাপাশি বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ আয়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

নারী ও কৃষকদের জন্য বিশেষ কর্মসূচির ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দরিদ্র ও অভাবী পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যাতে তারা সহায়তা পেয়ে স্বাবলম্বী হতে পারে। একই সঙ্গে কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক, ঋণ ও বীমা সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

জলাবদ্ধতা নিরসন ও কৃষি সুবিধা বাড়াতে পুনরায় খাল খনন কর্মসূচি চালুর কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, খাল খনন হলে কৃষক উপকৃত হবে এবং জলাবদ্ধতার সমস্যাও কমবে। বক্তব্যের শেষে তিনি ধানের শীষ ও খেজুর গাছ প্রতীকের প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ জনসভায় সভাপতিত্ব করেন। তারেক রহমানের আগে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি-সমর্থিত জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ এবং যুবদলের সভাপতি মেহেদী আমান মুন্না। এ ছাড়া অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।

এমকে/আরটিএনএন