স্বরাষ্ট্র উপদেষ্টা
সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়। তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী এবং মূল দায়িত্ব হলো জনগণের সেবা ও আইনের শাসন নিশ্চিত করা।

রোববার (১৮ জানুয়ারি) রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় মাঠ পর্যায়ের পুলিশের আচরণ মানবিক মর্যাদা রক্ষা ও আইনের শাসন নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী প্রস্তুত। আর নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় এক লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনি দায়িত্ব পালনের সময় শতভাগ নিরপেক্ষ থাকতে হবে, কোনো অনৈতিক সুবিধা গ্রহণ করা যাবে না এবং ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে রিটার্নিং অফিসারের পরামর্শ অনুযায়ী তা কঠোরভাবে দমন করতে হবে।

তিনি পুলিশ বাহিনীকে রাষ্ট্র ও জনগণের সেবক হিসেবে উল্লেখ করে বলেন, নতুন বাংলাদেশ গড়তে পুলিশের ভিত্তি হতে হবে জ্ঞান, নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা। দুর্নীতি প্রতিষ্ঠানকে ভেতর থেকে ধ্বংস করে এবং জনগণের বিশ্বাস নষ্ট করে। কোনো পুলিশ সদস্য যদি ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক সুবিধার জন্য দায়িত্বচ্যুত হয়, তবে তা রাষ্ট্রকে দুর্বল করে দেয়।

সমাপনী কুচকাওয়াজে আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি ও বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী উপস্থিত ছিলেন।

২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৯৬ জন প্রশিক্ষণার্থী আজকের সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন। বেস্ট প্রবেশনার, একাডেমিক, ফিল্ড অ্যাক্টিভিটিজ, হর্সম্যানশিপ ও শ্যুটিংসহ বিভিন্ন শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ।

সমাপনী কুচকাওয়াজ শেষে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা বিভিন্ন জেলায় ছয় মাসের বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য পদায়িত হবেন।

এমকে/আরটিএনএন