গণজমায়েত, সেন্ট্রাল ইউনিভার্সিটি
শিক্ষার্থীদের টানা অবস্থান কর্মসূচির ঘোষণা আসছে।ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে আগামী সোমবার (১৯ জানুয়ারি) সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার (১৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজকে একত্র করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও মতবিরোধ দেখা দিলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক পরামর্শ সভা করে।

এসব সভায় প্রাপ্ত মতামতের আলোকে খসড়াটি হালনাগাদ করা হয়। পরবর্তীতে গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জানুয়ারির প্রথম দিকেই চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি করেন আন্দোলনকারীরা।

তবে এখনো অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীরা আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছেন। তারা জানান, এক দফা দাবিতে রাষ্ট্রপতির পক্ষ থেকে অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির লক্ষ্যে সোমবার সকাল ১১টায় সায়েন্সল্যাব মোড়ে গণজমায়েত শুরু হবে। ‘অধ্যাদেশ মঞ্চ’ থেকেই আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এর আগে ১৪ ও ১৫ জানুয়ারি একই দাবিতে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অর্ধদিবস অবরোধ কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

এমকে/আরটিএনএন