
গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণভোট বিষয়ে বিদ্যমান বিভ্রান্তি দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে রোববার বরিশালে পৃথকভাবে বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে গণভোটের উদ্দেশ্য, প্রক্রিয়া ও গুরুত্ব নিয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ এবং আরেক বিশেষ সহকারী মনির হায়দার।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। পাশাপাশি ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের প্রশিক্ষণের দায়িত্ব পালন করছে ইসলামিক ফাউন্ডেশন।
সরকারি সূত্র জানায়, পর্যায়ক্রমে দেশের সব বিভাগে একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (১২ জানুয়ারি) রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৪ জানুয়ারি রংপুর, ১৫ জানুয়ারি চট্টগ্রাম, ১৭ জানুয়ারি ঢাকা, ১৯ জানুয়ারি ময়মনসিংহ, ২২ জানুয়ারি সিলেট এবং ২৪ জানুয়ারি খুলনা বিভাগে অনুরূপ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসব মতবিনিময় সভায় বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ, বিশিষ্ট সাংবাদিক, প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক, ব্যবসায়ী সংগঠনের নেতা, বিভিন্ন এনজিও ও সমিতির প্রতিনিধিরা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।
সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সভাগুলোতে গণভোট বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে সংশ্লিষ্ট সব পর্যায়ের অংশীজনদের করণীয় তুলে ধরা হবে।
এমকে/আরটিএনএন



