
বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, দলটির রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকায় এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নিবন্ধিত দল হিসেবে বাদ দেওয়ায় এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। প্রশ্নে পাঁচজন মার্কিন আইনপ্রণেতার পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে পাঠানো একটি চিঠির প্রসঙ্গ তোলা হলে প্রেস সচিব বলেন, তিনি চিঠিটি দেখেননি এবং বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে আওয়ামী লীগ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার ও অপরিবর্তিত।
শফিকুল আলম আরও বলেন, যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দলটি নিবন্ধন হারিয়েছে, তাই আসন্ন নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ নেই।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগসহ তাদের সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশের আওতায় এই সিদ্ধান্ত নেয়।



