
পৌষের শুরুতেই রাজধানী ঢাকায় শীতের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ভোর থেকে নগরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কেটে গেলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে আগের কয়েক দিনের তুলনায় আজ সারাদিনই ঠান্ডা অনুভূত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
গতকাল মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে, আর আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৯ মিনিটে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের বেশির ভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।



