
সম্পর্কের সংজ্ঞা সময়ের সঙ্গে বদলে যাচ্ছে। একসময় ‘ফ্রেন্ডশিপ’ বা ‘রিলেশনশিপ’ ছিল স্থায়িত্ব ও প্রতিশ্রুতির প্রতীক, কিন্তু ডিজিটাল যুগে সম্পর্ক এখন অনেকটাই মুহূর্তনির্ভর অভিজ্ঞতায় পরিণত হয়েছে। মিলেনিয়াল ও জেন-জি প্রজন্মের মধ্যে গত কয়েক বছরে আলোচনায় ছিল ‘সিচুয়েশনশিপ’, আর এখন তার জায়গা দখল করছে নতুন শব্দ—‘ন্যানোশিপ’।
নাম থেকেই বোঝা যায়, ‘ন্যানোশিপ’ হলো অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের রোমান্টিক সংযোগ। এটি হতে পারে কোনো কফিশপে কয়েক ঘণ্টার দেখা বা কোনো ভ্রমণে কাটানো কয়েক দিনের ঘনিষ্ঠতা। কিন্তু এতে কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রতিশ্রুতি বা সম্পর্কের সংজ্ঞা থাকে না।
বিশেষজ্ঞদের মতে, দ্রুতগতির জীবনযাত্রা, ব্যক্তিগত স্বাধীনতার প্রতি আগ্রহ এবং দীর্ঘমেয়াদি দায়বদ্ধতার ভয় এই প্রবণতা বাড়াচ্ছে। ডেটিং অ্যাপের সহজলভ্যতাও নতুন মানুষ ও নতুন অভিজ্ঞতার সুযোগকে আরও সহজ করে তুলেছে। ফলে অনেকেই সম্পর্ককে এখন ‘কমিটমেন্ট’ নয়, বরং ‘এক্সপেরিয়েন্স’ হিসেবে দেখছেন।
তবে এই প্রবণতা নিয়ে রয়েছে দ্বন্দ্বও। বিশেষজ্ঞরা বলছেন, একজনের কাছে এটি ক্ষণিকের অভিজ্ঞতা হলেও অন্যজন সেখানে আবেগ জড়িয়ে ফেলতে পারেন। এতে তৈরি হয় মানসিক চাপ, হতাশা ও অপ্রাপ্তির অনুভূতি।
অনেকে ন্যানোশিপকে সিচুয়েশনশিপের সঙ্গে গুলিয়ে ফেললেও দুটির মধ্যে পার্থক্য রয়েছে। সিচুয়েশনশিপ সাধারণত কয়েক মাস বা তার বেশি সময় ধরে চলতে পারে এবং এতে আবেগীয় জড়তা থাকে। অন্যদিকে ন্যানোশিপ কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এতে ভবিষ্যৎ সম্পর্কের কোনো ইঙ্গিত থাকে না।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সম্পর্ক একদিকে যেমন সাময়িক স্বাধীনতা ও স্বস্তি দেয়, অন্যদিকে মানুষের গভীরভাবে সংযুক্ত হওয়ার ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। ফলে দীর্ঘমেয়াদি সম্পর্কে অনীহা বা অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
তবে কেউ কেউ মনে করছেন, ন্যানোশিপ একধরনের মানসিক ‘ডিটক্স’, যা মানুষকে চাপহীনভাবে মুহূর্ত উপভোগ করতে সাহায্য করে। ব্যস্ত জীবনের ক্লান্তি ও একাকিত্ব থেকে সাময়িক মুক্তি পেতেও এটি ভূমিকা রাখে।
সব মিলিয়ে, সম্পর্কের এই নতুন ধারা প্রশ্ন তুলছে-মানুষ কি সত্যিই কমিটমেন্ট থেকে দূরে সরে যাচ্ছে, নাকি ভালোবাসাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে? ন্যানোশিপ হয়তো মুহূর্তকে উপভোগ করতে শেখাচ্ছে, তবে আবেগের গভীরতা যে এত সহজে ক্ষণিক হয়ে যায় না, সেটিও বাস্তবতা হিসেবে সামনে আসছে।



