
পেট ফাঁপা বা ব্লোটিং অনেকের কাছেই সাধারণ একটি সমস্যা মনে হলেও চিকিৎসকদের মতে এটি সব সময় নিরীহ নয়। অনেক ক্ষেত্রে এটি শরীরের ভেতরে লুকানো গুরুতর রোগের প্রাথমিক সতর্কবার্তা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে তীব্র পেট ফাঁপা, পেট শক্ত হয়ে যাওয়া, ব্যথা বা বমির মতো উপসর্গ দেখা দিলে বিষয়টিকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সাধারণত খাবার গ্রহণের অনিয়ম, মানসিক চাপ বা জীবনযাপনের কারণে এমন সমস্যা দেখা দিতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা সহজ চিকিৎসা বা জীবনধারার পরিবর্তনে নিয়ন্ত্রণে আনা সম্ভব।
তবে কিছু ক্ষেত্রে পেট ফাঁপা শরীরের জটিল সমস্যার ইঙ্গিত দেয়, যেখানে দ্রুত চিকিৎসা এমনকি জরুরি অস্ত্রোপচারের প্রয়োজনও হতে পারে। চিকিৎসকদের মতে, গ্যাস জমা, শরীরে অতিরিক্ত তরল, প্রদাহ কিংবা অন্ত্রের কোনো ধরনের বাধা এই সমস্যার পেছনে কাজ করতে পারে। সাধারণ পেট ফাঁপা এবং বিপজ্জনক অবস্থার পার্থক্য মূলত নির্ভর করে অন্ত্রে কাঠামোগত কোনো সমস্যা আছে কি না তার ওপর। যেমন অন্ত্র ফুটো হয়ে যাওয়া, ব্লকেজ তৈরি হওয়া বা রক্ত সঞ্চালনে জটিলতা দেখা দেওয়া। এসব অবস্থায় অন্ত্রে চাপ বেড়ে গিয়ে মারাত্মক ক্ষতি এমনকি জীবনঝুঁকিও তৈরি হতে পারে।
চিকিৎসকদের মতে, কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে দ্রুত সতর্ক হওয়া প্রয়োজন। হঠাৎ করে পেট ফুলে যাওয়া এবং তা শক্ত বা ব্যথাযুক্ত মনে হলে তা স্বাভাবিক গ্যাসের সমস্যা নাও হতে পারে। এটি অন্ত্রের বাধা বা শরীরে তরল জমার লক্ষণ হতে পারে, যার জন্য দ্রুত চিকিৎসা প্রয়োজন। একইভাবে পেটব্যথা যদি ক্রমশ বাড়তে থাকে বা অত্যন্ত তীব্র হয়ে যায়, তবে তা অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া কিংবা অন্ত্র ফুটে যাওয়ার মতো গুরুতর সমস্যার ইঙ্গিত দিতে পারে।
আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো গ্যাস বা মলত্যাগ বন্ধ হয়ে যাওয়া। পেট ফাঁপার সঙ্গে যদি এই সমস্যা দেখা দেয়, তবে তা অন্ত্রের ব্লকেজের সম্ভাবনা নির্দেশ করে, যা দ্রুত চিকিৎসা না নিলে জীবনঝুঁকিতে পরিণত হতে পারে। পাশাপাশি বারবার বমি হওয়া, বিশেষ করে সবুজ রঙের বা দুর্গন্ধযুক্ত বমি হলে তা অন্ত্রে বাধার স্পষ্ট ইঙ্গিত হতে পারে, যেখানে হজম প্রক্রিয়া স্বাভাবিকভাবে কাজ করতে পারে না।
পেট ফাঁপার সঙ্গে জ্বর থাকলে তা সংক্রমণ বা পেটের ভেতরে প্রদাহ, যেমন অ্যাবসেস বা পেরিটোনাইটিসের লক্ষণ হতে পারে। এসব পরিস্থিতি অবহেলা করলে জটিলতা আরও বাড়তে পারে। একইভাবে দ্রুত হার্টবিট, মাথা ঘোরা বা শরীর দুর্বল হয়ে পড়াও গুরুতর অবস্থার ইঙ্গিত দিতে পারে, যা অভ্যন্তরীণ সংক্রমণ বা রক্তক্ষরণের কারণে শকের মতো পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এমন লক্ষণ দেখা দিলে রোগ নির্ণয়ের জন্য শারীরিক পরীক্ষা, রক্ত পরীক্ষা, সিটি স্ক্যান বা আল্ট্রাসাউন্ড করা হয়। প্রয়োজন হলে দ্রুত অস্ত্রোপচারই একমাত্র সমাধান হতে পারে। অন্ত্রের ব্লকেজ, অন্ত্র ফুটে যাওয়া, অ্যাপেন্ডিসাইটিস বা হার্নিয়ার মতো জটিল অবস্থায় দেরি করলে টিস্যু নষ্ট হওয়া, ভয়াবহ সংক্রমণ বা অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
বিশেষজ্ঞরা তাই সতর্ক করে বলছেন, পেট ফাঁপাকে শুধু সাধারণ সমস্যা ভেবে অবহেলা করা উচিত নয়। যদি এর সঙ্গে গুরুতর উপসর্গ যুক্ত হয়, তবে দ্রুত চিকিৎসা গ্রহণই জীবন বাঁচানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।



