মোহাম্মদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৪
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন।ছবি: আরটিএনএন

রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যা মামলার রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার( ১৮এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মুন্না (২৪), মো. আকতার হোসেন (৪৫), মো. মিরাজ ফকির (২২) ও মো. নয়ন ওরফে খোকন (২৪)।

পুলিশ জানায়, গত বুধবার রাতে মোহাম্মদপুর থানার রায়েরবাজারের সাদেক খানের ইটখোলা এলাকায় রিপনের ওয়ার্কশপের সামনে আসাদুল ওরফে লম্বু আসাদুলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পরে তিনি মারা যান।

ঘটনার পরপরই মোহাম্মদপুর থানা পুলিশ ও ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়।

এরই ধারাবাহিকতায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি সুইস গিয়ার চাকু জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আকতার হোসেনের সঙ্গে ভুক্তভোগী আসাদুলের পূর্ব বিরোধ ছিল। কিছুদিন আগে তাদের মধ্যে মারামারি হয় এবং আকতার এ ঘটনায় একটি মামলাও করেন। ওই মামলায় আসাদুল কারাভোগের পর সম্প্রতি জামিনে বের হন।

পুলিশ জানায়, পূর্বের সেই বিরোধ ও টাকা-পয়সা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে প্রতিশোধ নিতে আকতার তাঁর সহযোগীদের নিয়ে পরিকল্পনা করেন। পরে কৌশলে ডেকে এনে আসাদুলের ওপর হামলা চালানো হয়। হামলার সময় তাঁকে ছুরিকাঘাত ও ইট দিয়ে আঘাত করা হয়।

ডিসি মো. ইবনে মিজান বলেন, এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা হচ্ছে না, তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর চাচাতো বোন বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।