
সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ইসলামাবাদে বহুল প্রতীক্ষিত ইরান-যুক্তরাষ্ট্র-পাকিস্তান আলোচনা শুরু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এই আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
এর আগে মার্কিন ও ইরানি প্রতিনিধি দল আলাদাভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। এছাড়াও আলোচনার পূর্বেই ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দেওয়া নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে ইরান ও যুক্তরাষ্ট্রকে।
আলোচনায় যেসব বিষয় প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে তার মধ্যে রয়েছে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচলের শর্ত, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবাননে যুদ্ধবিরতির প্রশ্ন। এর মধ্যে হরমুজ প্রণালির বিষয়টি সবচেয়ে জরুরি, কারণ প্রণালিটি বন্ধ থাকায় বিশ্বের জ্বালানি বাজারে যে ধাক্কা লেগেছে তা এরই মধ্যে বৈশ্বিক অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে।
এই আলোচনা শুরু হলো এমন এক প্রেক্ষাপটে, যখন ছয় সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্র একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে এবং ইসলামাবাদকেই আলোচনার কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে।



