
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে একাধিক মার্কিন প্রেসিডেন্টকে ইরানে সামরিক হামলার জন্য চাপ দিয়ে আসছিলেন। কিন্তু ট্রাম্পের আগে কোনো প্রেসিডেন্টই রাজি হননি।
শনিবার ১১ এপ্রিল একটি প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল-জাজিরা।
জেন সাকির উপস্থাপনায় 'দ্য ব্রিফিং' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে কেরি বলেন, নেতানিয়াহুর সঙ্গে তাঁর বহু আলোচনা হয়েছে এবং প্রতিবারই ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরানে হামলার দাবি জানিয়েছেন। তিনি বলেন, 'তিনি চাইতেন আমরা হামলা করি।' কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং জো বাইডেন — তিনজনই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কেরির ভাষায়, 'ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যিনি এতে রাজি হয়েছেন।'
কেরি আরও জানান, নেতানিয়াহু এই হামলার পক্ষে চার দফা যুক্তি উপস্থাপন করেছিলেন। সেখানে দাবি করা হয়েছিল, হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা, সরকার পরিবর্তনে উসকানি এবং সামরিক শক্তি ধ্বংস করা সম্ভব হবে। কেরি জানান, এই প্রস্তাব সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উপস্থাপন করা হয়েছিল এবং সাম্প্রতিক প্রতিবেদনগুলো তাঁর কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে।



