
মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে স্যাম অল্টম্যানের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর প্রধান নির্বাহীর বাসায় মলোটভ ককটেল নিক্ষেপের এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার ভোর প্রায় ৪টার দিকে এক সন্দেহভাজন ব্যক্তি বাসভবনটির দিকে একটি মলোটভ ককটেল ছুড়ে মারেন। এতে বাড়ির বাইরের একটি গেটে আগুন ধরে যায়। হামলার পরপরই তিনি হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে দ্রুত তদন্তে নামে সানফ্রান্সিসকো পুলিশ (এসএফপিডি) এবং ঘটনার প্রায় এক ঘণ্টার মধ্যে সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কর্তৃপক্ষ এখনো হামলাকারীর পূর্ণ পরিচয় বা হামলার সুনির্দিষ্ট ঠিকানা প্রকাশ করেনি। তবে পুলিশ জানায়, নর্থ বিচ এলাকায় অবস্থিত একটি আবাসিক ভবনকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৪.৮ কিলোমিটার দূরে, ওপেনএআইয়ের সদর দপ্তরের কাছাকাছি এলাকা থেকে ২০ বছর বয়সী ওই যুবককে আটক করা হয়।
এদিকে ওপেনএআইয়ের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, হামলাটি স্যাম অল্টম্যানের বাসভবনেই ঘটেছে। তিনি জানান, সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হননি এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি। তবে সাম্প্রতিক সময়ে ওপেনএআইকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা ও বিতর্কের প্রেক্ষাপটে ঘটনাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। গত কয়েক মাসে প্রতিষ্ঠানটির কার্যালয় ঘিরে একাধিক হুমকি ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এর আগে গত নভেম্বরে অজ্ঞাত এক ব্যক্তির হুমকির জেরে সানফ্রান্সিসকোতে অবস্থিত কোম্পানিটির সদর দপ্তরে সাময়িকভাবে লকডাউন জারি করতে হয়েছিল।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে জনমত এখনো বিভক্ত। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, এই প্রযুক্তি নিয়ে মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। ফলে প্রযুক্তির দ্রুত বিস্তারের পাশাপাশি নিরাপত্তা ও নীতিগত প্রশ্নও সামনে আসছে।
সমালোচনা ও বিতর্ক সত্ত্বেও ওপেনএআইয়ের প্রবৃদ্ধি থেমে নেই। সম্প্রতি বড় আকারের তহবিল সংগ্রহের পর প্রতিষ্ঠানটির মূল্যায়ন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বিপুল বিনিয়োগের বিপরীতে ভবিষ্যতে টেকসই আয় নিশ্চিত করা সম্ভব হবে কি না সেই প্রশ্নও বিশ্লেষকদের আলোচনায় রয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান পণ্য চ্যাটজিপিটি বর্তমানে ভোক্তা পর্যায়ের এআই বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। এর সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা কয়েকশ’ মিলিয়নে পৌঁছেছে এবং বিপুল সংখ্যক গ্রাহক এর প্রিমিয়াম সেবা ব্যবহার করছেন। পাশাপাশি গত এক বছরে তাদের সার্চ ফিচারের ব্যবহারও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা এআই-নির্ভর সেবার বিস্তারের দিকেই ইঙ্গিত করছে।
সূত্র: আল জাজিরা



