
আরব সাগরে একটি পণ্যবাহী জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী।
শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির সেনাবাহিনী জানায়, পণ্যবাহী জাহাজ ‘গোল্ড অটাম’ থেকে জরুরি সাহায্যের আবেদন পাওয়ার পর পাকিস্তান নৌবাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছান। তারা জাহাজটি থেকে ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে করাচিতে নিয়ে আসেন।
উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। বর্তমানে তাদের করাচিতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
তবে জাহাজটি ঠিক কী কারণে বিপদে পড়েছিল বা কেন সাহায্য চেয়েছিল, সে বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি।
সূত্র: রয়টার্স



