ট্রাম্পের হুমকিতে চরম উত্তেজনা, ইরানের অভিযোগ ‘যুদ্ধাপরাধকে বৈধতা দেওয়া হচ্ছে’
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের হুমকি 'যুদ্ধাপরাধের স্বাভাবিকীকরণ' বলে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীছবিঃ সংগৃহীত

ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আজ টেলিফোনে আলোচনা হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এই খবর জানা গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো এই ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

হরমুজ প্রণালি না খুললে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, সে বিষয়ে আরাগচি বলেন, "এই হুমকি যুদ্ধাপরাধ ও গণহত্যাকে স্বাভাবিক করে তোলার নামান্তর। এটি বাস্তবায়িত হলে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নিঃসন্দেহে একটি দৃঢ় ও সর্বাত্মক জবাব দেওয়া হবে।"

ট্রাম্পের হুমকির বিপরীতে তেহরানের এই কড়া অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, কূটনৈতিক পথে সংকট সমাধানের সম্ভাবনা এই মুহূর্তে কতটা সংকুচিত। ফ্রান্সের সঙ্গে এই আলোচনাকে ইউরোপীয় মধ্যস্থতার একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা, তবে দুই পক্ষের অবস্থান এখনো বহু দূরে।