ইরানে ভূপাতিত চীনা ড্রোন
ইরানে ভূপাতিত চীনা ড্রোন।ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজের কাছে একটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ড্রোনটির পরিচয় নিয়ে শুরু থেকেই বিভ্রান্তি ছিল, আর সেই বিভ্রান্তিই এখন বড় একটি প্রশ্নের জন্ম দিয়েছে- ইরানের আকাশে আসলে কার ড্রোন উড়ছিল?

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ প্রাথমিকভাবে বিধ্বস্ত ড্রোনটির ছবি প্রকাশ করে সেটিকে মার্কিন তৈরি ‘এমকিউ-৯ রিপার’ বলে দাবি করে। কিন্তু ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকেরা ছবি পরীক্ষা করে ভিন্ন সিদ্ধান্তে আসেন। তাদের মতে, ড্রোনটি আসলে চীনের তৈরি ‘উইং লুং-টু’ মডেলের, যা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই ব্যবহার করে না। ইরানের নিজস্ব সামরিক ভাণ্ডারেও এই মডেলের ড্রোন নেই বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।

এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই গোয়েন্দা বিশ্লেষকদের দৃষ্টি গেছে উপসাগরীয় দেশগুলোর দিকে। ‘উইং লুং-টু’ ড্রোনের পরিচিত ব্যবহারকারী হিসেবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নাম সামনে আসছে। সম্প্রতি সুদানের গৃহযুদ্ধেও সংযুক্ত আরব আমিরাত এই একই মডেলের ড্রোন ব্যবহার করেছে বলে প্রমাণ পাওয়া গেছে।

এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, রিয়াদ বা আবু ধাবি কি ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে সরাসরি যুক্ত হয়ে পড়েছে? বিশেষ করে এমন একটি সময়ে, যখন ট্রাম্প প্রশাসন ইরানবিরোধী অভিযানে সমর্থন দেওয়ার জন্য এই দুই দেশের ওপর চাপ বাড়াচ্ছে।

পরিস্থিতি আরও জটিল হয়েছে দুই দেশের ভিন্নমুখী অবস্থানের কারণে। বিশ্লেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে তুলনামূলকভাবে আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। অন্যদিকে সৌদি আরব ট্রাম্পের কড়া মন্তব্যের মুখে নিজেদের অবস্থান নিয়ে এখনো দোটানায় রয়েছে।

সূত্র: তাসনিম নিউজ