
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের আঁচ এখন সরাসরি লাগছে পাকিস্তানের সাধারণ মানুষের জীবনে। দেশটিতে এখন জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে, বিদ্যুৎ সংকট তীব্র হচ্ছে, আর এই চাপে পিষ্ট হচ্ছেন কর্মজীবী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী পর্যন্ত সকলে। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিতে রাজধানী ইসলামাবাদে বিনামূল্যে গণপরিবহন সেবা চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।
শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
তিনি জানান, আগামী শনিবার (৪ এপ্রিল) থেকে এই সেবা কার্যকর হবে। এই উদ্যোগের পুরো ব্যয়ভার বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রাথমিক হিসাবে এই প্রকল্পের জন্য প্রায় ৩৫০ মিলিয়ন রুপি বরাদ্দ রাখা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ইসলামাবাদের কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা এই সুবিধায় সরাসরি উপকৃত হবেন। তবে প্রশ্ন থাকছে, এটি কতদিন চালু রাখা সম্ভব হবে। যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং জ্বালানি পরিস্থিতির আরও অবনতি হলে এই ধরনের ভর্তুকির চাপ সামলানো সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে।
পাকিস্তান এমনিতেই দীর্ঘদিন ধরে অর্থনৈতিক চাপে আছে। এর মধ্যে বাইরের ধাক্কা সামলাতে গিয়ে এই ধরনের জনকল্যাণমূলক সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য চাপের, কিন্তু রাজনৈতিকভাবে অপরিহার্যও বটে।
সূত্র: আলজাজিরা



