
ইরানের বৃহত্তম সেতু ধ্বংস করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানের কারাজ-এর কাছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু বি-১ সেতু–তে হামলা চালায়। এতে অন্তত আটজন নিহত এবং ৯৫ জন আহত হন।
আলব্রোজ প্রদেশ–এর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় সেতুর মধ্যভাগ ধ্বংস হয়েছে। ইরানের কর্তৃপক্ষের মতে, বি-১ সেতুটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতু।
আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, বেসামরিক অবকাঠামোর ওপর হামলা অগোছালো শত্রুর পরাজয় এবং নৈতিক পতন নির্দেশ করে। তিনি আরও উল্লেখ করেন, অসমাপ্ত সেতু সহ নাগরিক স্থাপনার ওপর হামলা ইরানিদের আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ওই কৌশলগত গুরুত্বপূর্ণ পরিবহন সেতুতে দুইবার হামলা চালিয়েছে, যার ফলে সেতুর বড় অংশ ধ্বংস হয়ে মাটিতে পড়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রায় এক কিলোমিটার লম্বা সেতুর মাঝামাঝি অংশ বিধ্বস্ত হয়েছে।
ইরানি মিডিয়ার খবর অনুযায়ী, সেতুটি তেহরান ও কারাজের মধ্যে যানজট নিরসন এবং দেশের উত্তরের দিকে যাতায়াত সহজ করার জন্য নির্মাণাধীন ছিল।



