হাদি হত্যার আসামিরা
হাদি হত্যার আসামিরাছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাতি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তার সহযোগী আলমগীর হোসেন এবং অভিযুক্তদের দেশ ছেড়ে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে ফের ১৪ দিনের জেল রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে কলকাতার আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পূর্ববর্তী ১৪ দিনের রিমান্ড শেষে তাদের কলকাতার বিধাননগর মহকুমা আদালতে ভার্চুয়ালি হাজির করা হয়। এদিন কলকাতায় চলমান অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত মামলার প্রেক্ষিতে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তিন আসামির বিরুদ্ধে প্রাসঙ্গিক নথি আদালতে উপস্থাপন করে।

তবে মূল দুই অভিযুক্ত পৃথক একটি ইউএপিএ মামলায় দিল্লিতে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-এর হেফাজতে থাকায় তাদের কাউকেই সরাসরি আদালতে হাজির করা সম্ভব হয়নি। ফলে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে দিল্লিতে এনআইএ হেফাজত থেকে এবং ফিলিপ সাংমাকে দমদম সেন্ট্রাল জেল থেকে ভার্চুয়ালি আদালতে উপস্থাপন করা হয়।

শুনানি শেষে বিচারক তিন আসামির পরবর্তী শুনানির তারিখ আগামী ১৬ এপ্রিল নির্ধারণ করেন।

প্রসঙ্গত, গত ২২ মার্চ পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে প্রথমবার তোলা হয়। পরদিন ২৩ মার্চ আদালতের অনুমতি নিয়ে ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিল্লিতে নিয়ে যায়। এরপর থেকে তারা সেখানেই অবস্থান করছেন।