যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান
যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানছবি: সংগৃহীত

ইরানে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানিয়েছে অস্ট্রিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ আসলেও তারা সেই অনুরোধ নাকচ করে দিয়েছে।

অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দেশের দীর্ঘস্থায়ী সামরিক নিরপেক্ষতার আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানে অভিযান পরিচালনার লক্ষ্যে আকাশপথ ব্যবহারের জন্য মার্কিন পক্ষ থেকে কয়েক দফা যোগাযোগ করা হয়েছিল বলেও তিনি নিশ্চিত করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময় থেকে অস্ট্রিয়া সামরিক জোটের বাইরে থেকে কঠোর নিরপেক্ষতার নীতি অনুসরণ করে আসছে। ন্যাটোর সদস্য না হওয়া এই দেশটি কোনো সশস্ত্র সংঘাতে সরাসরি বা পরোক্ষভাবেও অংশ না নেওয়ার অঙ্গীকারে অবিচল।

ইউরোপে অস্ট্রিয়া একা নয়। স্পেন ইতিমধ্যে সম্ভাব্য ইরান যুদ্ধের বিরুদ্ধে সরব অবস্থান নিয়েছে এবং মার্কিন সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। গত সপ্তাহে ইতালি-ও সিসিলিতে অবস্থিত একটি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি মার্কিন বোমারু বিমানকে।

ইউরোপীয় দেশগুলোর এই একের পর এক অস্বীকৃতি ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্র ও তার ঐতিহ্যবাহী মিত্রদের মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: আল জাজিরা