ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন' পাশের পর ইসরাইলের আদালতে উল্লাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন' পাশের পর ইসরাইলের আদালতে উল্লাসছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের লক্ষ্য করে পাশ করা ইসরায়েলের মৃত্যুদণ্ড আইন নিয়ে নিন্দা জানিয়েছে আটটি দেশ। দেশগুলো হলো পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার (২ এপ্রিল) একটি যৌথ বিবৃতি দেয় দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত সপ্তাহের শুরুতে প্রাণঘাতী হামলার ঘটনায় সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ রেখে গত সোমবার একটি বিল অনুমোদন করেছে ইসরায়েলের পার্লামেন্ট। তবে বিলটির মতে, ফিলিস্তিনিদের এই দণ্ড দেওয়া হলেও একই অপরাধে দোষী সাব্যস্ত ইসরায়েলিদের একই শাস্তি দেওয়া হবে না। বৈষম্যমূলক হওয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে সারা বিশ্বে। তাৎক্ষণিকভাবে আদালতে এটি চ্যালেঞ্জ করা হয়েছে বলেও জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি বিলটি নিয়ে গত রোববারই ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে। তারা বলে, এটি ‘গণতান্ত্রিক নীতির প্রতি ইসরায়েলের অঙ্গীকারকে ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করছে’। এছাড়াও বিভিন্ন মানবাধিকারভিত্তিক সংস্থাও বিলটির বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা