
মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ ও উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অধিবেশনে বসেছে। অধিবেশনটি বর্তমানে চলমান আছে। জানা গেছে, অধিবেশনে বক্তব্য দিয়েছেন গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই।
তিনি বলেছেন, ‘উপসাগরীয় দেশগুলো কোন যুদ্ধ চায় না’। এছাড়াও ইরানের হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হয় অধিবেশনটি। এপ্রিল মাসের সভাপতিত্বের দায়িত্বে থাকা বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশীদ আল জায়েনীর আহ্বানে ডাকা হয় এই অধিবেশনটি। এ পর্যন্ত অধিবেশনে জিসিসি ছাড়াও বক্তব্য রেখেছে, চায়না, সোমালিয়া, ফ্রান্স, রাশিয়া, পাকিস্তান, যুক্তরাজ্য ও বাহরাইন।
এতে বাহরাইনের উদ্যোগে তৈরি একটি ইরান বিরোধী খসড়া পেশ করা হয়। এই খসড়া প্রস্তাবটি শুক্রবারের মধ্যেই ভোটে যেতে পারে বলে জানা গেছে। তবে রাশিয়া ও চীনের কড়া আপত্তি পুরো প্রক্রিয়াটিকে জটিল করে তুলছে।
সূত্র: আল-জাজিরা



