
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, গাজায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলার অভিযোগ মোকাবিলায় ইসরায়েলকে আর সহায়তা করার পরিকল্পনা করছে না জার্মানি। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) এই মামলাটি চলমান রয়েছে।
জিউস নিউজ সার্ভিস (জেএনএস)-এর প্রতিবেদন অনুযায়ী, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র জোসেফ হিন্টারসেহের সাংবাদিকদের বলেছেন, “আন্তর্জাতিক বিচার আদালতে (ইসরায়েলের পক্ষে) আর কোনো হস্তক্ষেপ করা হবে না।”
হিন্টারসেহের জানান, বার্লিনের এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো, যখন আন্তর্জাতিক বিচার আদালতেই (আইসিজে) নিকারাগুয়ার দায়ের করা একটি পৃথক মামলায় জার্মানি নিজেই আত্মপক্ষ সমর্থন করছে। ওই মামলায় জার্মানির বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যায় সমর্থনের অভিযোগ আনা হয়েছে।
তিনি বলেন, “আমরা এখন নিকারাগুয়ার শুরু করা আইসিজে-র একটি আইনি প্রক্রিয়ার অংশ এবং আমরা এখন এই প্রক্রিয়াটিতেই মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই



