ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, থাড সিস্টেম
দক্ষিণ কোরিয়ায় স্থাপিত ‘থাড’ সিস্টেমছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনী তাদের ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ (থাড) ব্যাটারির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বুধবার স্থানীয় একটি সংবাদপত্রের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়া সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে ‘ডং-এ ইলবো’ পত্রিকাটি জানিয়েছে, থাড ক্ষেপণাস্ত্রগুলো ইতিমধ্যে উত্তর গিয়ংসাং প্রদেশের সংজু কাউন্টি থেকে রাজধানী সিউলের প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে পিয়ংটেকের ওসান বিমান ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে।

আরেক কর্মকর্তা উল্লেখ করেছেন, এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রগুলো পুনরায় মোতায়েনের জন্য ‘ইউএস ফোর্সেস কোরিয়া’র (USFK) প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। এদিকে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগন দক্ষিণ কোরিয়া থেকে একটি থাড ব্যাটারির অংশবিশেষ মধ্যপ্রাচ্যে স্থানান্তর করছে। পাশাপাশি, তথাকথিত ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং অন্যান্য স্থান থেকেও তারা ‘প্যাট্রিয়ট’ ইন্টারসেপ্টর সংগ্রহ করছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং মঙ্গলবার এক বৈঠকে বলেন, নিজস্ব সামরিক প্রয়োজনে মার্কিন বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ার বিষয়ে সিউল আপত্তি জানিয়েছিল। কিন্তু এশীয় দেশটি তাদের সেই অবস্থান পুরোপুরি কার্যকর করতে সক্ষম হয়নি।

সূত্র : গ্লোবাল টাইমস

আরটিএনএন/এআই