মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু।ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েলের লেবাননে বোমাবর্ষণ সরাসরি নিষিদ্ধ। এমনকি পরম মিত্র ইসরায়েলের প্রতি 'যথেষ্ট হয়েছে'র মতন কড়া ভাষাও ব্যাবহার করেছেন তিনি। 

শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইসরায়েল আর লেবাননে বোমা ফেলবে না, যুক্তরাষ্ট্র এটি নিষিদ্ধ করেছে। দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের প্রতি এতটা কড়া ভাষা ট্রাম্পের কাছ থেকে সচরাচর দেখা যায় না। তিনি লিখেছেন, 'ইসরায়েল আর লেবাননে বোমাবর্ষণ করবে না। যুক্তরাষ্ট্র এটি নিষিদ্ধ করেছে। যথেষ্ট হয়েছে।'

একই পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেকোনো চুক্তি লেবানন প্রশ্নের সঙ্গে সংযুক্ত নয়। তবে হিজবুল্লাহর বিষয়টি 'যথাযথভাবে' সমাধান করা হবে বলেও জানিয়েছেন তিনি। ইরানের পারমাণবিক উপকরণ সংগ্রহের বিষয়েও মন্তব্য করেছেন ট্রাম্প, বলেছেন এ ক্ষেত্রে কোনো অর্থের লেনদেন হবে না।

ট্রাম্পের এই পোস্টের ঠিক আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দিয়েছেন, যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজের জন্য 'সম্পূর্ণ উন্মুক্ত' ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারির শেষ থেকে কার্যত বন্ধ থাকা এই প্রণালি উন্মুক্ত হওয়ার এই ঘোষণা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় স্বস্তির বার্তা দিচ্ছে।

একই দিনে এই দুটি ঘটনা পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইসরায়েলকে লেবাননে থামানো এবং হরমুজ উন্মুক্ত হওয়া — দুটি ঘটনাই ইঙ্গিত দিচ্ছে কূটনৈতিক প্রক্রিয়া আবার কিছুটা সচল হচ্ছে। তবে চূড়ান্ত চুক্তির পথ এখনো দীর্ঘ এবং যেকোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যাওয়ার আশঙ্কা রয়েছে।