
ইসরাইল–লেবানন যুদ্ধবিরতির ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে-এমন আশাবাদে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।
শুক্রবার (১৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স ১ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দাম কমে প্রতি ব্যারেল ৯৪ ডলারের নিচে নেমে যায়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ ঘাটতির আশঙ্কা কিছুটা হ্রাস করেছে, যার প্রভাব সরাসরি তেলের দামে পড়েছে।
এর আগে মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে সংঘাতময় পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম রেকর্ড ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। পরে তা কিছুটা কমে ১০০ ডলারের নিচে নামলেও পুরো সপ্তাহজুড়েই ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি অবস্থান করে।
এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে। তাঁর এই মন্তব্য বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আগ্রহ ও নজরদারি তৈরি করেছে।
বিশ্লেষকদের ধারণা, আলোচনায় অগ্রগতি হলে আগামী দিনে বিশ্ববাজারে তেলের দামে আরও স্থিতিশীলতা আসতে পারে।



