
লেবানন ও ইসরায়েলের মাঝে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি।
পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। লেবানন-ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম উল্লেখ করেননি তিনি। ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেই ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাত চলছে।
পোস্টে ট্রাম্প বলেন, ‘গত মঙ্গলবার, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে এই দুই দেশ দীর্ঘ ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে বৈঠক করেন। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে নির্দেশ দিয়েছি, তারা জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে মিলে ইসরায়েল ও লেবাননের মধ্যে স্থায়ী শান্তি অর্জনে কাজ করবেন।’
ট্রাম্প বলেন, ‘সারা বিশ্বে ৯টি যুদ্ধের সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল। এটি হবে আমার দশম কাজ, তাই চলুন, এটি সফল করি!’
গত ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির আওতায় ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা বন্ধ রেখেছে। কিন্তু লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় লেবাননে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।



