
হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল শুরুর উদ্যোগ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে এমন আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী।
ফোনালাপে আরাঘচিকে ওয়াং ই বলেন, “হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেভাবে সম্মান করা ও সুরক্ষিত রাখা উচিত, সেভাবেই এই জলপথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা-নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন।”
তিনি বলেন, “বর্তমানে সার্বিক পরিস্থিতি বেশ জটিল একটি জায়গায় পৌঁছেছে। আমরা এখন সংঘাত এবং শান্তির মধ্যবর্তী একটি স্থানে আছি। এই স্থান থেকে শান্তিতে উত্তরণের পথ হতে পারে হরমুজ প্রণালিকে মুক্ত করে দেওয়া।”
ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা এবং উভয়পক্ষের আলোচনায় ফিরে আসাকে চীন পূর্ণ সমর্থন দিচ্ছে।
তবে ওয়াং ইর এই আহ্বানের জবাবে আরাঘচি কী বলেছেন, সেই বিষয়ে কোনও তথ্য এখনো অবধি জানা যায়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিশ্বের অনেক দেশের কাছে তেল বিক্রি করতে পারে না ইরান। ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। ইরানের মোট তেলের ৮০ শতাংশই যায় বেইজিংএ। ফলে বিশ্লেষকদের ধারণা চীনের এই প্রস্তাব মেনে নিতে পারে তেহরান।



