
দক্ষিণ লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নির্দেশনার পর অঞ্চলটিতে স্থল ও বিমান-দুই ধরনের হামলাই বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সামরিক প্রধান জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, লেবানন ও ইরানে হামলা অব্যাহত রাখার পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ এলাকা দখল ও “পরিষ্কার” করার পাশাপাশি ইসরায়েলের উত্তরাঞ্চলের বসতিগুলোর জন্য হুমকি দূর করার লক্ষ্য নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, চলতি বছরের শেষ দিকে নির্বাচনের মুখোমুখি হতে পারেন নেতানিয়াহু। ইরান ইস্যুতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ায় অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ মোকাবিলায় তিনি লেবাননে সামরিক শক্তি প্রদর্শন আরও বাড়াতে পারেন।
এর আগে নেতানিয়াহু ইরানের শাসন পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছিলেন। তবে বর্তমানে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই তিনি কঠিন রাজনৈতিক অবস্থানে আছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এদিকে সর্বশেষ বুধবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। নতুন করে আরও হামলা অব্যাহত রয়েছে এবং বিভিন্ন এলাকায় হতাহতের খবর আসছে।
গত কয়েক সপ্তাহের হামলায় দক্ষিণ লেবাননসহ দেশটির বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১০ এপ্রিলের একদিনের হামলাই ছিল সবচেয়ে ভয়াবহ, যেখানে ৩০০ জনেরও বেশি নিহত হন।
২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ১০০ জন নিহত এবং ৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
সূত্র: আল-জাজিরা



