আমিরাতে বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। নিহতের পরিবারের দাবি- হত্যার পর সহকর্মী ও মালিক পক্ষের কেউ তার লাশ ঝুলিয়ে রেখেছে।

নিহত মো. হেলাল (২৫) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুর আলমের ছেলে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নুর আলম ও তার পরিবারের সদস্যরা সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গত ১১ এপ্রিল শারজাহ শহরের ১০ নম্বর ইন্ড্রাস্ট্রিয়াল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বাবা নুর আলম জানান, গত ১১ এপ্রিল নিজ কর্মস্থলের টয়লেট থেকে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে ছেলের অন্য সহকর্মীর মাধ্যমে জেনেছেন।

কর্মস্থলে ছেলের মৃত্যুর ঘটনাকে হত্যা দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের নিকট জোর দাবি জনান নিহতের বাবা। পাশাপাশি ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্টদের সহায়তা চান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের নভেম্বর মাসে হেলাল আরব আমিরাতে পাড়ি জমান। সেখানে তিনি 'নুর আল কামাল পেইন্ট কনট্রাকটিং' নামের একটি কোম্পানিতে পেইন্টার হিসেবে কাজ করতেন। হেলালের অপর ভাই ফয়সাল কিছু দিন আগে সমস্যায় পড়ে একই কোম্পানি থেকে বাড়িতে ফিরে আসেন। কিন্ত এখন একমাত্র উপার্জনক্ষম ছেলের অকাল মৃত্যুর খবরে চোখে অন্ধকার দেখছে হেলালের পরিবার।

কমলনগর থানার ওসি মো. ফরিদুল আলম গণমাধ্যমকে জানান, এ রকম কোনো খবর এখনো আমাদের কাছে নেই। তবে খোঁজ নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাব।