ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণে রাশিয়া এখনো প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন। 
ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণে রাশিয়া এখনো প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন। ছবি: সংগৃহীত

ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণে রাশিয়া এখনো প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন। 

সোমবার (১৩ এপ্রিল) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এই তথ্য জানান।

পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনায় এই প্রস্তাব আগেই দিয়েছিলেন। তাঁর ভাষায়, 'এই প্রস্তাব এখনো বহাল আছে, তবে এখন পর্যন্ত কেউ এটি গ্রহণ করেনি।' 

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভাণ্ডারের অধিকারী রাশিয়া বারবার এই প্রস্তাব দিয়ে আসছে, যা যেকোনো শান্তিচুক্তির অংশ হতে পারে বলে মস্কো মনে করে।

একই সঙ্গে হরমুজ প্রণালিতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকিরও সমালোচনা করেছেন পেসকভ। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে থাকবে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে আছে। হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক বিপর্যয়ের মধ্যে শান্তির পথ এখনো অনিশ্চিত। ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হওয়ায় সেই অনিশ্চয়তা আরও গভীর হয়েছে।

রাশিয়ার এই প্রস্তাব কতটা বাস্তবসম্মত এবং ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছে গ্রহণযোগ্য হবে কি না, তা নির্ভর করছে আগামী দিনের কূটনৈতিক তৎপরতার ওপর।

 

সূত্রঃ দ্য মস্কো টাইমস।